সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৫০-২০০ জনের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার বরাবর অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ

বিএনপি নেতা হারুনের নেতৃত্বে জমি দখলের চেষ্টা, ফের হামলার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫২, ৮ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা হারুনের নেতৃত্বে জমি দখলের চেষ্টা, ফের হামলার হুমকি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা হারুনুর রশীদের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জনের একটি দল নিয়ে বাড়ি দখল ও ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার প্রস্তুতির পাশাপাশি ভেকু দিয়ে বাড়ি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী মোসা. সুলতানা বেগম। এ ঘটনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদসহ ১৫০-২০০ জনের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), নারায়ণগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সরে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজার সংলগ্ন বাসিন্দা সুলতানা বেগমের মায়ের পৈতৃক সম্পত্তি ও পরিবারের ক্রয়কৃত মোট সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমিতে প্রায় ৪০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছে পরিবারটি। জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে।

অভিযোগে পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০-২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সুলতানা বেগমের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠক হয়েছে। তবে বিরোধের চূড়ান্ত সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরও অভিযুক্তরা জমি দখলের জন্য নানা ধরনের চাপ ও হয়রানি করে আসছেন।

লিখিত অভিযোগে সুলতানা বেগম উল্লেখ করেন, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে হারুনুর রশীদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫০-২০০ জনের একটি দল নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি ভেঙে ফেলার উদ্দেশ্যে একটি ভেকুও আনা হয়। তারা পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগ করার আগে অভিযুক্তরা আগামী ৭ নভেম্বর রাতে পুনরায় বাড়িতে এসে প্রাণঘাতী হামলা চালানোর হুমকি দিয়ে যায়। এতে সুলতানা বেগম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুনরায় হামলার আশঙ্কায় ৭ নভেম্বর অতিরিক্ত পুলিশ সুপার বরাবর পৃথক আবেদন করেন তিনি।

এদিকে, জমিটি দখলের উদ্দেশ্যে বিএনপি নেতা হারুনুর রশীদসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি সাইনবোর্ড তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের একটি সাইনবোর্ডের ছবি প্রতিবেদকের হাতে এসেছে। সাইনবোর্ডে সম্পত্তির মালিক হিসেবে তাহের আলী, আমির আলী ও রহিম আলী গংয়ের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি আবদুস সুবহান, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নবী হোসেন নবী ও মো. হারুনুর রশীদের নাম রয়েছে। সাইনবোর্ডটি সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার জান্নান আর্ট থেকে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর আবেদনে ঘটনার সরেজমিন তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অন্যায়ভাবে কাউকে জমি দখল করতে দেওয়া হবে না। জমি নিয়ে বিরোধ থাকলে আইনগত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। কেউ জোরপূর্বক জমি দখল করতে পারবেন না। ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা হারুনুর রশীদ জানান, আমি মীমাংসা করতে গেছি আমি দখল করতে যাই নাই, আমার এখানে আইসা মীমাংসার কথা বইলা গেছে আমি শান্তির পক্ষেই মানুষ।