শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গণভোটের রায় না মানলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৬, ৬ নভেম্বর ২০২৬

গণভোটের রায় না মানলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: মামুনুল হক

আল্লামা মামুনুল হক

সরকার গঠনকারীদের দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে বেশিদিন ক্ষমতায় থাকার অবকাশ নেই, তারা ভুলে গেছে নিকট অতীতের ফ্যাসিস্ট সরকারের পতনের কথা। 

তিনি আরও বলেন, এ পথে হাঁটলে তারা তাদের ১১ দলীয় জোটের আন্দোলন থেকে সরে আসবেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আড়াইহাজার ইমদাদুল উলুম আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, দেশে দুই ধরণের ব্যালটে ভোট হয়েছিল একটি সরকার গঠনের, অন্যটি রাষ্ট্র মেরামতের জন্য। সরকার গঠনের নির্বাচনে ক্ষমতাসীনরা ৫১ শতাংশ ভোট পেলেও রাষ্ট্র মেরামতের পক্ষে রায় দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। কিন্তু দুঃখের বিষয়, সরকার গঠন করে তারা দেশের এই বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের কোনো গুরুত্ব না দিয়ে রাষ্ট্রকে লুটেপুটে খাচ্ছে।

উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা এমদাদুল্লাহ এবং আবুল কালাম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।