শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ঢালাই খসে পড়ে ইজিবাইক চালক আহত, আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৫, ৭ নভেম্বর ২০২৬

পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ঢালাই খসে পড়ে ইজিবাইক চালক আহত, আতঙ্ক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের নিচ থেকে পাথর ঢালাইয়ের বড় টুকরো খসে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এক ইজিবাইক চালক। পাথর ঢালাইয়ের টুকরো পড়ে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। 

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকায় ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ইজিবাইক চালককে হাসপাতালে নেয়ায় তার নাম জানা যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

খবর পেয়ে উড়ালসড়ক নির্মাণের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচের অংশ থেকে পাথর ঢালাইয়ের দুটি ভারী টুকরো খসে ইজিবাইকের উপর পড়ে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে প্রতিদিন লাখাধিক মানুষ যাতায়াত করেন। এভাবে যদি ঢালাইয়ের অংশ খসে পড়ে, তবে তো আতঙ্কের সৃষ্টি হবেই।

স্থানীয় রাজমিস্ত্রিরা জানান, খসে পড়া স্থানটি দেখে বোঝা যাচ্ছে রড থেকে ঢালাই ছেড়ে দিয়েছে। এটিকে 'কংক্রিট স্পলিং' বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে মরিচা পড়ে, ফলে ঢালাই ফেটে খসে পড়ে। যেহেতু একটি স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে, সেহেতু অন্যান্য স্থানগুলো পরীক্ষা করে দেখা জরুরি।

পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান জানান, এটি স্পলিং নয়। কাজ করার সময় শ্রমিকরা ভুলবশত একটি ব্লক রেখে এসেছিল। সেই ব্লকটিই ইজিবাইকের উপর পড়েছে। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। এছাড়া সড়কের কোথাও কোনো সমস্যা নেই। আশা করছি ডিসেম্বরের শেষের দিকে সড়কটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।