শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ধারণকৃত ‘ইত্যাদি’র সংকলিত পর্ব আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ধারণকৃত ‘ইত্যাদি’র সংকলিত পর্ব আজ

প্রতীকী ছবি

প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২১ সালে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। শুক্রবার (৬ নভেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ইত্যাদির এই পর্বসহ বিগত কয়েকটি পর্বের নির্বাচিত কিছু অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব।

সংকলিত এই পর্বে মূল গান রয়েছে তিনটি। অস্তিত্বের টানে মানুষের নিজের শিকড় খোঁজার ওপর রচিত একটি গান গেয়েছেন দুই ধারার দুই সফল শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।

সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

এ ছাড়া ২০০৩ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদি থেকে সংকলন করা হয়েছে লিটন অধিকারী রিন্টুর কথায় সান্টুর গাওয়া একটি গান-যিনি একসময় তার ব্যতিক্রমধর্মী পরিবেশনার জন্য ইত্যাদির নিয়মিত মুখ ছিলেন।
বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কিছু হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

এর মধ্যে রয়েছে-নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়ে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন; সোনারগাঁয়ের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েসের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন; প্রকৃতিপ্রেমী বৃক্ষসেবক খাইরুল আলমের ওপর পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন; ২০১৯ সালের অক্টোবর মাসে কিশোরগঞ্জ হাওরাঞ্চলে নির্মিত অভিনব স্কুলটির ওপর একটি ফলোআপ প্রতিবেদন এবং সুপেয় পানির তীব্র সংকটে ভোগা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম গাবুরা ইউনিয়নের মানুষের কষ্ট নিয়ে একটি মানবিক প্রতিবেদন। 
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে দর্শকপর্ব, নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।