শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ

ফাইল ছবি

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় দায়িত্বপ্রাপ্তদের ভলান্টিয়ারের পোশাক তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় এই স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। তারা শহরের যেসকল পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় ওইসব পয়েন্টে কাজ করবে। এতে করে আশা করা যাচ্ছে রমজানে যানজটমুক্ত থাকবে নারায়ণগঞ্জ শহর।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় সেসব পয়েন্টে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ৭০ জন পুলিশ সদস্যের পাশাপাশি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় ১৫০ জন দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, বেশ কিছু পয়েন্টে অবৈধ স্ট্যান্ড ও সড়কের উপরে বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে। সেসব পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। রাস্তার উপরে কেউ ভ্যান বা অন্য কিছু বসিয়ে ব্যবসা করতে পারবে না। এ বিষয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলেই একমত। শহরের শৃঙ্খলা ফেরাতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।