ইফতার বাজার
নারায়ণগঞ্জে পবিত্র রমজানের প্রথম দিনেই জমে উঠেছে ইফতার বাজার। রোজা শুরুর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী কেনার ধুম পড়ে গেছে।
রমজানের প্রথম দিন হওয়ায় ও সংযোগ মেরামতের কারণে শহরে গ্যাস সংকটের কারণে বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোট খাবারের দোকান ও ভ্রাম্যমাণ স্টল পর্যন্ত সবখানেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে শহরের দুই নং রেলগেট, চাষাঢ়া ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
ইফতারের সময় ঘনিয়ে আসতেই দোকানগুলোতে ভিড় বাড়তে থাকে। অনেক জায়গায় লাইনে দাঁড়িয়ে ইফতার কিনতে দেখা গেছে রোজাদারদের। ইফতার বাজারে সবচেয়ে বেশি চাহিদা ছোলা, পেঁয়াজু, বেগুনি ও আলুর চপের। পাশাপাশি দেখা গেছে চিকেন ও বিফ সামোচা, চিকেন রোল, ডিম চপ, হালিম, খেজুর, ফলের শরবত, বোরহানি ও লেবুর শরবত। কিছু রেস্টুরেন্টে ছিল মাটন হালিম, চিকেন গ্রিল, ফ্রাইড রাইস ও নানরুটি।
এসময় দোকান ও রেস্তোরার ভাজাপোড়ার গন্ধে আশেপাশের এলাকা মুখর হয়ে ওঠে। দোকানিরা আগেভাগেই বড় বড় কড়াইয়ে ভেজে খাবার প্রস্তুত করে রাখছেন, আবার ক্রেতার চাহিদা অনুযায়ী অনেক জায়গায় তাৎক্ষণিকভাবেও ভাজা হচ্ছে।
চাষাঢ়া এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, রমজানের প্রথম দিন বলে আজ ইফতার একটু বাইরে থেকে কিনে করার ইচ্ছা ছিল। তাছাড়া গ্যাসের সংকটও রয়েছে। তাই অফিস থেকে ফেরার পথে ছোলা, পেঁয়াজু আর বেগুনি কিনলাম।
আরেক ক্রেতা গৃহিণী নাজমা বেগম বলেন, রোজা রেখে প্রথম দিন বাসায় রান্নার সময় কম থাকে, আবার গ্যাসও কম। তাই বাইরে থেকেই বেশিরভাগ ইফতার কিনে নিই।
ইফতার বিক্রেতা সোহেল মিয়া জানান, প্রথম দিন হওয়ায় ক্রেতা ভালোই। দুপুর থেকেই প্রস্তুতি নিয়েছি। পেঁয়াজু আর বেগুনি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। বিকেল ৫টার পর তো দাঁড়ানোর জায়গা থাকবেনা।
আরেক বিক্রেতা আলাউদ্দিন বলেন, তেলের দামসহ সব কিছুর খরচ বেড়েছে। তাই আগের তুলনায় কিছুটা দাম বাড়াতে হয়েছে। তারপরও চেষ্টা করছি মান ঠিক রেখে বিক্রি করার।

