ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর কলাবাড়ী এলাকায় পৈতৃক সম্পত্তি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ জুবায়ের হোসেন (৩২) গত কয়েকদিন ধরে বিবাদীদের ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি বন্দর থানায় ৫ জন নামধারীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মদনপুর কলাবাড়ী এলাকার বাসিন্দা সোলাইমান মিয়ার ছেলে জুবায়ের হোসেনের মালিকানাধীন একটি জমি বিক্রয় করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বিবাদী মোঃ খলিল মিয়া (৪৫), শাজাহান (৪৮), জসীম (৩৭), সফি মেম্বার (৪২) ও রফিকুল (৪২) উক্ত জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। জুবায়ের হোসেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়, উল্টো তাকে ও তার পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী জুবায়ের হোসেন জানান, বিবাদীরা প্রভাবশালী ও বির্তকিত প্রকৃতির লোক। তারা প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে এক মাস জেল খাটায়। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও বিবাদীদের ক্রমাগত হুমকির কারণে তিনি এখন পর্যন্ত নিজ বাড়িতে প্রবেশ করতে সাহস পাচ্ছেন না। যেকোনো সময় তার ওপর বড় ধরনের হামলার আশঙ্কা করছেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিগত সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। বর্তমানে তারা জুবায়েরের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে জুবায়ের হোসেন বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিবাদীরা আমার জমি দখলের চেষ্টা করছে এবং আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি।"
বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

