‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সভা
সারাদেশের ন্যায় আগামী ২৮ জুন (২০২৬) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ সংক্রান্ত সভায় একথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) কুতুবুল আলম।
এবারের ক্যাম্পেইনে মহানগরের ১ লাখ ৪৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মোট ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র এবং ৩৪০টি সেশনের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করা হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ২৫ হাজার ২৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে।১২-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব ১ শতাংশের নিচে নামিয়ে আনা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা: নাফিয়া ইসলাম জানান, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অন্ধত্ব থেকেই শিশুদের রক্ষা করে না, বরং এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস করে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে আসার জন্য এবং এই জাতীয় কর্মসূচি সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

