বুধবার, ২৪ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবশেষে পরিষ্কার হলো ঐতিহ্যবাহী জিউস পুকুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ জুন ২০২৬

অবশেষে পরিষ্কার হলো ঐতিহ্যবাহী জিউস পুকুর

ফাইল ছবি

দীর্ঘদিনের অবহেলা, ময়লা-আবর্জনা ও আগাছার কারণে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার ঐতিহ্যবাহী জিউস পুকুর অবশেষে পরিষ্কার করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, পুকুরটি এখন অনেকটাই পরিচ্ছন্ন হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয়েছে।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে ছিল। বিভিন্ন ধরনের বর্জ্য ও জলজ আগাছায় ভরে যাওয়ায় পুকুরটির সৌন্দর্য যেমন নষ্ট হয়েছিল, তেমনি পরিবেশগত ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়। তবে পুকুরের সামনের অংশে এখনও কিছু ময়লা ও আবর্জনা রয়ে গেছে। সেগুলোও দ্রুত অপসারণ করা হলে পুকুরটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং এটি নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুরটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলার কারণে ময়লা-আবর্জনায় ভরে গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে এবং পরিবেশগত গুরুত্ব বিবেচনায় আমরা পুকুরটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জমে থাকা বর্জ্য অপসারণ এবং আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, ভবিষ্যতে যাতে পুকুরটি আবারও দখল বা দূষণের শিকার না হয়, সেদিকেও নজর রাখা হবে। নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয়দের আশা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ শেষ হলে জিউস পুকুর তার হারানো সৌন্দর্য ফিরে পাবে এবং এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুকুরটি সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।