আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জে 'সিটি বন্ধন পরিবহন'-এর বাস আটকে রাখা, শ্রমিক মারধর ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিবহন ধর্মঘটের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে সুষ্ঠু সমাধান হয়েছে।
বিষয়টি মূলত নাম ট্রান্সফার সংক্রান্ত জটিলতা এবং ভুল বোঝাবুঝি ছিল বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে অভিযুক্ত মাহাবুব উল্লাহ তপন পক্ষ এবং বন্ধন পরিবহনের মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরি বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা করিয়ে দেন তিনি।
বৈঠক শেষে আবুল কাউসার আশা গণমাধ্যমকে জানান, শ্রমিকদের সাথে তপন সাহেবের যে ঝামেলাটি হয়েছিল, তা মূলত গাড়ির মালিকানা বা নাম ট্রান্সফার সংক্রান্ত জটিলতা থেকে তৈরি।
তিনি বলেন, এখানে চাঁদাবাজি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। মূলত নাম ট্রান্সফারের বিষয় জড়িত ছিল, যার সমাধান আমরা করে ফেলেছি। আগামী রোববারের মধ্যে নাম ট্রান্সফারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।
এছাড়া, ঘটনার দিন গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটি সুনির্দিষ্ট জরিমানা ধার্য করে দেওয়া হয়েছে (যা অভিযুক্ত পক্ষ পরিশোধ করবে)।
আশা আরও যোগ করেন, মালিক ও শ্রমিক সমিতির সকলেই এখন একমত। লক্ষ্য একটাই যাত্রী সেবা যেন নিরবিচ্ছিন্ন থাকে, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো স্ট্রাইক (ধর্মঘট) না ঘটে এবং চালক-শ্রমিকেরাও যেন আর আক্রান্ত না হন। রোববারের মধ্যেই এই সংকটের সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটবে।
এর আগে বুধবার (১ জুলাই) সকালে শহরের মিশনপাড়া এলাকায় সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও শ্রমিকদের মারধর করার অভিযোগ ওঠে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে।
এর প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও বাসটি উদ্ধারের দাবিতে বুধবার দুপুরে ১ নং রেলগেটের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সে সময় বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন এবং মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন অভিযোগ করেছিলেন যে, তপন দীর্ঘদিন ধরে এই রুটে চাঁদাবাজি করছেন এবং প্রশাসনকে জানিয়েও তাৎক্ষণিক সমাধান মিলছিল না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবিরও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন।
এমপির নির্দেশে দ্রুত পদক্ষেপ
বুধবার বিকেলেই নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের নির্দেশে তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা টার্মিনালে গিয়ে শ্রমিকদের শান্ত করেন এবং সর্বোচ্চ বিচার নিশ্চিতের আশ্বাস দিলে বিকেল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
এরপরই বিষয়টি স্থায়ীভাবে সুরাহা করতে বৃহস্পতিবার রাতে দুই পক্ষকে নিয়ে বসা হয় এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা হয়।

