শনিবার, ০৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাড়ে ৩ বছর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৭, ৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাড়ে ৩ বছর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সাড়ে তিন বছর পূর্ণ হয়েছে। 

তবে দীর্ঘ এ সময়েও পূর্ণাঙ্গ কমিটি গঠন কিংবা সম্মেলন আয়োজন করতে পারেনি দলটি। ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কবে শেষ হবে আহ্বায়ক কমিটির অধ্যায়।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নতুন কমিটি ঘোষণার পরপরই তা নিয়ে দলের ভেতরে আলোচনা-সমালোচনা শুরু হয়। কমিটিতে স্থান পাওয়া ও না পাওয়া নিয়ে অসন্তোষ তৈরি হলে কয়েকজন নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি কমিটির একটি অংশ পদত্যাগও করে।

এরপর সময় গড়িয়েছে তিন বছরের বেশি। কিন্তু আহ্বায়ক কমিটি এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। একই সঙ্গে অনুষ্ঠিত হয়নি কাউন্সিল বা সম্মেলন। এ অবস্থায় মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম অনেকাংশে সীমিত হয়ে পড়েছে বলে মনে করছেন দলের একাংশের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি বহাল থাকায় ওয়ার্ড পর্যায়ের অনেক সাংগঠনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তৃণমূলের আগ্রহ থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতৃত্ব।

তবে সাংগঠনিক কার্যক্রম থেমে নেই বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘদিন দল পরিচালিত হলেও মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম থেমে নেই। আমরা নিয়মিত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করছি এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করছি। পূর্ণাঙ্গ কমিটি বা সম্মেলনের বিষয়টি সম্পূর্ণভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কেন্দ্র যখনই নির্দেশনা দেবে, তখনই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। আমরা আশা করছি, সাংগঠনিক প্রক্রিয়া শেষ করে কেন্দ্র উপযুক্ত সময়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একই ধরনের বক্তব্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তৃণমূলের প্রত্যাশা রয়েছে, খুব শিগগিরই কেন্দ্র এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

টিপু আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি হলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে, দায়িত্ব বণ্টন সহজ হবে এবং দলীয় কার্যক্রম আরও শক্তিশালীভাবে পরিচালনা করা সম্ভব হবে। তবে আহ্বায়ক কমিটি থাকলেও আমরা দলের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় ও স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। তাই দীর্ঘদিন আহ্বায়ক কমিটি বহাল থাকায় সংগঠনের ভেতরে নেতৃত্বের বিকাশ ও সাংগঠনিক সম্প্রসারণের ক্ষেত্রে কিছুটা স্থবিরতা তৈরি হওয়াই স্বাভাবিক। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের পরই মহানগর বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে স্পষ্টতা আসবে।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা আহ্বায়ক কমিটির পরিবর্তে দ্রুত সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি আগামী রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দল আরও শক্ত অবস্থানে যেতে পারবে।