শনিবার, ০৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাবার কোলে নিথর রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩১, ৪ জুলাই ২০২৬

বাবার কোলে নিথর রিয়া

ফাইল ছবি

মেয়েকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনতে গিয়েছিলেন বাবা, কিন্তু কোলে তুলে নিতেই ঘাতকের বুলেট কেড়ে নিল সব। বাবার কোলেই লুটিয়ে পড়া ছয় বছরের শিশু রিয়া গোপের সেই মর্মান্তিক মৃত্যুর ১১ মাস পর শুরু হয় বিচার পাওয়ার এক অনিশ্চিত লড়াই। যে বাবাকে মেয়ের হাসিমাখা মুখ দেখে দিন শুরু করতে হতো, তাকেই মেয়ের রক্তাক্ত নিথর দেহ কাঁধে বয়ে নিতে হয়েছিল। 

২০২৪ সালের ১৯ জুলাইয়ের সেই অভিশপ্ত বিকেলটির কথা ভোলেনি নারায়ণগঞ্জবাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে শহরের রাজপথে যখন চলছিল সহিংসতা আর গোলাগুলি, তখন নয়ামাটি এলাকার নিজের বাড়ির ছাদে খেলছিল ছোট্ট রিয়া। গোলাগুলির শব্দে আতঙ্কিত বাবা দীপক কুমার গোপ মেয়েকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন ছাদে। কিন্তু তার আগেই ঘটে যায় নৃশংসতম ঘটনাটি। বাবার চোখের সামনেই একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। মেয়ের রক্তে ভিজে যায় বাবার কোল।

এরপর পাঁচ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ জুলাই চিরতরে থেমে যায় রিয়ার জীবনের স্পন্দন। দীপক গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র প্রদীপ নিভে যায় চিরদিনের জন্য।

একটি বাবার কাঁধে মেয়ের লাশের ভারের চেয়ে ভারী কিছু নেই। সেই ভার বয়ে বেড়ানো দীপক গোপের জন্য এই মামলাটি কি সামান্যতম সান্ত্বনা হবে, নাকি বিচারহীনতার দীর্ঘ এক যাত্রার শুর? তবে এই মামলার মধ্য দিয়ে রিয়ার নিথর হয়ে যাওয়ার সেই মর্মান্তিক দৃশ্যের বিচার পাওয়ার এক ক্ষীণ আশা তৈরি হলো। 

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের পরিবারের মধ্যে এখনও অজানা আতঙ্ক কাজ করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একইসঙ্গে তিনি রিয়ার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবে সবচেয়ে কম বয়সী শহীদ রিয়া গোপ। তার এত দ্রুত চলে যাওয়ার কথা না। কিন্তু ফ্যাসিস্টরা যা করেছে তার উৎকৃষ্ট প্রমাণ এই হত্যাকাণ্ড। এই ক্ষতি অনুদান কিংবা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারিয়ে তারা আজ দিশেহারা। এই পরিবারের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে। আমরা চাই তারা যেন আতঙ্কে না থাকে। তারা যেন নির্বিঘ্নে সাক্ষ্য প্রদান করতে পারে, সেটা যেন রাষ্ট্র নিশ্চিত করে এই অনুরোধ থাকবে।