শনিবার, ০৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫১, ৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

নারায়ণগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, মানবতাবাদী দর্শন এবং সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিদ্রোহী কবির রচনা শুধু সাহিত্যকে সমৃদ্ধ করেনি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণাও যুগে যুগে জুগিয়ে আসছে। সমাজে সম্প্রীতি, মানবতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে নজরুলের চিন্তা ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বক্তারা তরুণদের মধ্যে নজরুলচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে কবির সাহিত্য ও সংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও সহজভাবে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সমাপনী অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা জাতীয় কবির জনপ্রিয় ও কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন গভীর আগ্রহের সঙ্গে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিনদিনব্যাপী এ কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং নজরুলের জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী পর্বের এ আয়োজন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নজরুল গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি-সাহিত্যিক, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।