অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তিনি কথা বলবেন—এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সাখাওয়াত হোসেন খানকে বলতে শোনা যায়, বিরোধিতা থাকতেই পারে। তবে সবাই আমার সঙ্গে কথা বলবে। এখানে তো আওয়ামী লীগেরও অনেকে আছে। আমি চিনি। আওয়ামী লীগের বলে কী আমি তার প্রশাসক না। আমি তার সাথেও কথা বলবো। আমি হয়তো রাজনৈতিক বিষয়ে তার সঙ্গে দ্বিমত পোষণ করবো। কিন্তু সামাজিক ও নাগরিক অধিকার তো তার আছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে আওয়ামীলীগ বিরোধী রাজনৈতিক বলয়ের অনেক নেতা-কর্মী প্রশাসকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে এমন মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, প্রশাসনের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পরিবর্তে তিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশাসকের বক্তব্য রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন।

