ফাইল ছবি
এক সময় বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল হতো নারায়ণগঞ্জ শহর। সামান্য বৃষ্টিতেই প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডসহ অলিগলি ও বিভিন্ন ওয়ার্ডের আবাসিক এলাকায় পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়তো। বছরের পর বছর এই দুর্ভোগকে নগরবাসী যেন নিয়তি হিসেবেই মেনে নিয়েছিল। তবে এবার সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন।
গত চার দিন ধরে টানা ভারী বৃষ্টি হলেও শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কে এক মুহূর্তের জন্যও পানি জমেনি। এমনকি নগরের কোথাও উল্লেখযোগ্য কোনো জলাবদ্ধতা দেখা যায়নি। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন শহরবাসী।
নগরবাসীর মতে, জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঠিক দিকনির্দেশনা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলেই এই সফলতা এসেছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এনসিসি কর্তৃক গৃহীত জাইকা (JICA) সাহায্যপুষ্ট এলজিইডির 'আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট' (UDCGP)-এর আওতায় বঙ্গবন্ধু রোডের উভয় পাশে ড্রিপ ড্রেন ও ফুটপাথ নির্মাণের কাজ চলছে। ১৮ মাস আগে শুরু হওয়া ৩৯.৮৬ কোটি টাকার এই মেগা প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় ৮২ শতাংশ। ইতিমধ্যেই শহরের প্রধান অংশে গভীর আরসিসি ও পাইপ ড্রিপ ড্রেনের কাজ শেষ হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যাচ্ছে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের বাকি কাজ পুরোপুরি শেষ হবে।
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাওয়ায় নগরবাসী সিটি কর্পোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং সহযোগী সংস্থা জাইকা ও এলজিইডির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

