বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে আর প্রধানমন্ত্রী বরিশালে : হাসনাত আব্দুল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫১, ১৪ জুলাই ২০২৬

বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে আর প্রধানমন্ত্রী বরিশালে : হাসনাত আব্দুল্লাহ 

জুলাই পথযাত্রা

‎পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের বন্যা পরিস্থিতি এবং সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যখন খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া ও আনোয়ারাসহ সমগ্র অঞ্চলের মানুষ বন্যায় মানবেতর জীবনযাপন করছে, তখন বন্যা শুরু হবার সাথে সাথে সরকারের একজন প্রতিমন্ত্রী হজ করতে বিদেশে চলে গিয়েছেন। আর প্রধানমন্ত্রী যাচ্ছেন বরিশাল সফরে।

​মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আয়োজিত এক 'জুলাই পথযাত্রা' পরবর্তী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পথযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। 

​সমাবেশে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার অপ্রতুলতার চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘ সাতদিনের বেশি সময় ধরে মানুষ বন্যায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা পৌঁছায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, চট্টগ্রামের বিপদগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা হিসাব করলে জনপ্রতি মাত্র ৩০ টাকারও কম পড়ে। অথচ এই চট্টগ্রাম অঞ্চল থেকেই জাতীয় রাজস্বে হাজার হাজার কোটি টাকা অবদান রাখা হচ্ছে। 

​স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে গর্বের সাথে বলেছেন সংবিধান সংস্কার কমিটির কোনো রূপরেখা সংবিধানে লিখা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, যদি এটি না থেকে থাকে, তবে ২০২৬ সালের এই জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল আরও পরে। ছাত্র-জনতা এই সংবিধানের অসংগতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই রাস্তায় নেমে নতুন বাংলাদেশের অভিমুখ তৈরি করেছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা এখন সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছেন। 

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি প্রতিটা জায়গায় সরকার তার প্রতিশ্রুতি থেকে পিছু হটেছে। বর্তমান সরকারের কাছে আগের ব্যবস্থার সবকিছুই ঠিকঠাক ও পছন্দের মনে হচ্ছে, কেবল ব্যক্তি শেখ হাসিনাই অপছন্দের ছিল। কিন্তু আমরা শুধু ব্যক্তির পরিবর্তন চাইনি, আমরা পুরো শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম।

​পরীক্ষার্থীদের আন্দোলন ও প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্টবাজিতে ওস্তাদ। অথচ আজ পরীক্ষার্থীদের হাঁটু পানিতে ডুবিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন। এমনকি পরীক্ষার প্রশ্নে ভুল রেখে শিক্ষার্থীদের চরম মানসিক বিপর্যস্ততার মধ্যে ফেলেছেন। 

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যাদের আপনারা তুচ্ছতাচ্ছিল্য করছেন, এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনারা মন্ত্রী হতে পেরেছেন, বিদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞরা আসতে পেরেছেন। শিক্ষার্থীদের ক্ষোভকে হালকাভাবে নেবেন না। 

​এদিন সোনারগাঁওয়ে আয়োজিত জুলাই পথযাত্রায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।