এক শিক্ষার্থী, একটি গাছ কর্মসূচি
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ লক্ষ বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে আগামী ৫ বছরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) এরই ধারাবাহিকতায় "One Student, One Tree" (এক শিক্ষার্থী, একটি গাছ) কর্মসূচির আওতায় লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে এলাকার একটি নতুন সড়কেও চারা রোপণ ও বিতরণ করা হয়।
সবুজে ঘেরা, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষপ্রেমের চেতনা জাগিয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক বাবুল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

