ফাইল ছবি
নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সদর উপজেলায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দ দূষণের দায়ে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলো থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি অবৈধ হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি জেলার দূষণকারী শিল্প-কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

