বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাইরাল অডিওর নেপথ্যে ব্যবসায়িক বিরোধ, থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৮, ১৪ জুলাই ২০২৬

ভাইরাল অডিওর নেপথ্যে ব্যবসায়িক বিরোধ, থানায় অভিযোগ

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে আলোচিত ঘটনাটি। অডিওটি প্রকাশের পেছনে দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা রয়েছে দাবি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান এম এস আদি এন্টারপ্রাইজ।

‎রোববার (১২ জুলাই) প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ইমাম হাসান বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, আদমজীনগর ইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এম এস আদি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ইউএইচএম লিমিটেড থেকে পুরাতন ওয়েস্টেজ ও গার্মেন্টস সামগ্রী ক্রয় করে থাকে।

‎লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্যাসিফিক গ্রুপের ১ নম্বর প্লটে স্ক্র্যাপ কাটার সময় অভিযুক্ত ফরহাদের নিয়োজিত শ্রমিকদের অসাবধানতায় তাদের প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ টাকা পরিশোধ এবং ভবিষ্যতে প্যাসিফিক গ্রুপের আরও দুটি প্লটের পুরাতন মালামাল অপসারণের কাজ আদি এন্টারপ্রাইজকে দেওয়ার বিষয়ে মৌখিক সমঝোতা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, ওই প্রতিশ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশাসনিক ও বাস্তবিক কাজে সহযোগিতা করে। চট্টগ্রামে একাধিক বৈঠকে অংশ নেওয়া, শেড পরিদর্শন, মালামালের মূল্যায়ন, ক্রেতা নির্ধারণসহ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়। কিন্তু পরবর্তীতে কোনো কারণ না দেখিয়েই প্রকল্পটি অন্য একটি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়, যার পেছনে অভিযুক্ত ফরহাদের প্ররোচনা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে বলে অভিযোগকারীর দাবি। পরে ক্ষতিপূরণ ও পূর্বের প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক শাহেদ আহম্মেদের সঙ্গে অভিযুক্ত ফরহাদের বাকবিতণ্ডা হয়।

‎অভিযোগে বলা হয়, ওই বাকবিতণ্ডার একটি অসম্পূর্ণ ভয়েস রেকর্ড গত ১১ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন ও মালিককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।