ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো. আনন্দ (৩০) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, অভিযানের সময় আনন্দের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনন্দ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন বলেও জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আনন্দের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

