ফাইল ছবি
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে কলেজে অধ্যয়নরত ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের জন্য সমান সংখ্যক আসন বরাদ্দ রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের পর শিবিরের পক্ষ থেকে দাবি করা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সম্মত হয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শহরের কালীরবাজার এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে সমঝোতা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিয়ে আলোচনার একপর্যায়ে বিরোধ মীমাংসায় কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই পক্ষের নেতারা। এর মধ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে লুট হওয়া মালামালের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের জন্য সমান সংখ্যক আসন রাখার বিষয়টি অন্যতম। সমঝোতা বৈঠকের পর দুই পক্ষের নেতারা বিরোধ মিটিয়ে সাংগঠনিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত হন।
বৈঠকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই সংঘর্ষের পর সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

