বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জের শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৯, ১৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জের শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ

গোলাম ফারুক খোকন

রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BSTMPIA)। শিল্পকারখানার বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ এবং দীর্ঘমেয়াদে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার কথা সভায় উঠে আসে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সংগঠনটির সভাপতি গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রূপগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা পর্যালোচনা করে কোন কোন কারখানায় সৌরবিদ্যুৎ স্থাপন করে নিজস্ব বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব, তা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে রূপগঞ্জের এক বা দুটি শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থার পরীক্ষামূলক বাস্তবায়নের প্রস্তাব উঠে আসে। এসব প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।

সভায় অংশ নেওয়া সদস্যরা বলেন, শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ।

সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েকটি প্রতিষ্ঠানে সফলভাবে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে রূপগঞ্জের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্যও এটি একটি বাস্তব উদাহরণ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

সভায় অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্যোগটি বাস্তবায়নে শিল্পপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থা ও অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।