বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদ্যা নিকেতনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ১৮ আগস্ট ২০২৬

বিদ্যা নিকেতনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের বিদ্যা নিকেতন হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়। একই সঙ্গে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে পারে।

অনুষ্ঠানে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, কিশোরীদের মধ্যে এই টিকা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।