জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বেকু মেশিন দিয়ে বসতভিটা ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি ডিউটির নির্দেশনা দাবি করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্দেশে তিনি বলেন, রাত ৪টার পর এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। একটি বেকু মেশিন এনে শত শত লোকের উপস্থিতিতে এত বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার বারবার নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।
এ সময় ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান মামুন মাহমুদ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

