ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত কারাভোগ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আলম আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আলমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, সাত বছর আগে তার কাছ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মামলায় এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় আসামি আলম আদালতে উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকার একটি টিনশেড বাড়িতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন আলম। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক নাসির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

