সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ৪০০ মিটার বেহাল সড়ক, ভোগান্তিতে এয়ারপোর্টগামী ১৭ জেলার মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৬, ২৩ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ৪০০ মিটার বেহাল সড়ক, ভোগান্তিতে এয়ারপোর্টগামী ১৭ জেলার মানুষ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা সেতু ও ডেমরা-ফজুর বাড়ির মোড় হয়ে ৩০০ ফুট সড়কের বাগবেড় অংশে প্রায় ৪০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি প্রায় ১৭ জেলার এয়ারপোর্টগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের বড় বড় গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা, উল্টে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। বিকল হচ্ছে মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শীতলক্ষ্যা সেতু ও ডেমরা-ফজুর বাড়ির মোড় হয়ে ৩০০ ফুট সড়কটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। স্থানীয়দের পাশাপাশি সহজ ও স্বল্প দূরত্বের পথ হিসেবে এ সড়ক ব্যবহার করে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ প্রায় ১৭ জেলার মানুষ ঢাকা শহর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত করেন।

গুরুত্ব বিবেচনায় উপজেলা এলজিইডির মাধ্যমে ১৬ কিলোমিটার  সড়কটি ৮৫ কোটি টাকা নির্মাণ ব্যয়ে প্রশস্তকরন, বিভিন্ন অংশ আরসিসি ঢালাই ও বিটুমিন দিয়ে নির্মাণ করা হলেও বাগবেড় বাজার থেকে ৩০০ ফুট সড়কসংলগ্ন প্রায় ৪০০ মিটার অংশ বাদ পড়ে যায়।

ফলে পুরো সড়কটি ভালো থাকলেও মাত্র ৪০০ মিটার অংশের বেহাল দশায় ভোগান্তির শেষ নেই। পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন না থাকায় সড়কটিতে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের।
এসব গর্তে পড়ে বিকল হচ্ছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন। উল্টে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা মেরামত করা হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়কটি।

গাড়িচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগবেড় থেকে ৩০০ ফুট সড়কসংলগ্ন এই ৪০০ মিটার অংশ বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। পুরো সড়ক ভালো থাকলেও এই সামান্য অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, সড়কের এই অংশটুকু পূর্বাচল উপশহরের সীমানার মধ্যে পড়েছে। এ কারণে ওই অংশ বাদ রেখেই নির্মাণকাজ শেষ করতে হয়েছে। তবে, সড়কে চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। আবারও রাজউক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে  সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ এই সড়কের মাত্র ৪০০ মিটার অংশের বেহাল দশার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।