ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে খাদ্যপণ্যে কৃত্রিম রং ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বাজারটিতে খাদ্যপণ্যের মান যাচাইয়ে পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযানে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যান দিয়ে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি পণ্যে ক্ষতিকর কৃত্রিম রং ও হাইড্রোসের উপস্থিতি পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার আওতায় পড়েছে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকান। তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন জানান, সদর উপজেলায় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি তিনটি বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

