ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে বিএনপি নেতা সামির হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শিকদার তাইয়েবসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শিকদার তাইয়েবের নেতৃত্বে সাকিব, তাসফি, রিমন ও আজিজুলসহ কয়েকজন মোটরসাইকেলে করে এসে সামির হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গুলি ছোড়েন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও একটি অবিস্ফোরিত গুলি উদ্ধার করেছে।
সামির হোসেন সোনারগাঁও থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক জানান, শিকদার তাইয়েব পুলিশের তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য রোববার বিকেলে পুলিশ অভিযান চালায়।
ওসি বলেন, পুলিশের অভিযান শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর তাইয়েব শিকদার ধারণা করেন, সামির হোসেন তাঁর অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছেন। এ সন্দেহ থেকেই তিনি লোকজন নিয়ে সামিরের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মামলা করুন বা না করুন, শিকদার তাইয়েবকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

