রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গ্যাস জমে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু; স্ত্রী আইসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০২, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাস জমে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু; স্ত্রী আইসিইউতে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস জমে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শাহিন (৩০) মারা গেছেন। আগুনে তাঁর শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬) এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। চিকিৎসক হারুন উর রশিদ বিপুল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে শাহিন ও তাঁর স্ত্রীসহ চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, অগ্নিকাণ্ডে শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তাঁর স্ত্রী লিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা গেলেও লিমার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এ ঘটনায় দগ্ধ অন্য দুজন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। তাঁদের মধ্যে হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফ্ল্যাটের রান্নাঘরের চুলার গ্যাসের সুইচ খোলা ছিল। তবে রাতে ওই এলাকায় গ্যাস সরবরাহ না থাকায় গ্যাস বের হলেও তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। পরে সরবরাহ স্বাভাবিক হলে লিকেজ দিয়ে গ্যাস পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ভোরে চুলা জ্বালানোর চেষ্টা করতেই জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হওয়ার সুযোগ না পেয়ে ঘরের ভেতর জমেছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।