রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎নারায়ণগঞ্জে চলন্ত বাসে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০১, ২২ নভেম্বর ২০২৬

‎নারায়ণগঞ্জে চলন্ত বাসে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুন

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অবস্থায় ‘মঞ্জিল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

​শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ডের কম্বল মার্কেটের সামনে (প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে) এ ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বাসটির ভেতর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুলিয়া থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেট্রো-ব-১৫-১২৫২’ নম্বরের মঞ্জিল পরিবহনের বাসটি চিটাগাং রোডের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছনের অংশে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে চালক দ্রুত বাসটি থামান। বাসে থাকা যাত্রী ও চালক-হেলপার দ্রুত নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন। খবর পেয়ে কাঁচপুর ও শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের আসনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

​শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসচালকের বরাতে তিনি বলেন, “দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। ওই দুজন ছাড়া গাড়িতে অন্য কোনো যাত্রী ছিলেন না।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঘটনার সময় বাসে দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে যেতে পেরেছেন।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক  জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।