সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৭, ২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

হামলাকারীদের ধাওয়ায় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও আনোয়ার হোসেনকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুষ্কৃতকারীরা।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানের কাজে ওই এলাকায় যান। এ সময় একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে সরে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা কনস্টেবল আনোয়ার হোসেনকে ধরে ফেলে এবং তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

কাশীপুরের হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। এর আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে, মাদক কারবারি বা স্থানীয় অপরাধী চক্রই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।