রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো একটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৩, ২২ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো একটি

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তিনটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এর মধ্যে মেসার্স এনবিএম ব্রিকস-৩-এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। অন্য দুটি ইটভাটার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং সবগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।