ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে তিনি উভয় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, "অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দলীয় বিবেচনা নয়, অপরাধীর অপরাধই হোক বিচারের একমাত্র মাপকাঠি। অপরাধী যে দলেরই হোক, কোনো ধরনের পক্ষপাত বা ছাড় না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব ও হামলার ঘটনার ভিডিও ধারণ করায় এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ওই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে; বিয়ের মাত্র আট মাসের মাথায় স্বামীকে হারিয়ে আহাজারি করছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।
অপরদিকে, গত ১৫ নভেম্বর (রবিবার) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট জুয়েল রোড এলাকায় মো. রনি (৪১) নামের এক চালককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে পৃথক এই দুটি নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

