প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া (২২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পর সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে দেবই মাদ্রাসার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মাদ্রাসার দপ্তরী মামুনের সঙ্গে ইয়াছিনের বাকবিতণ্ডা হয়। মামুনের ভাতিজা জোনায়েতকে খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে মামুনের নেতৃত্বে কয়েকজন ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় মামুনের হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. মাসুম মিয়া বাদী হয়ে মাদ্রাসার দপ্তরী মামুন, রিয়াদ ও শান্তকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত ইয়াছিন দেবই কাজিরবাগ ফাজিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে ইয়াছিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

