সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিসেম্বর ঘিরে ‘গল্প’ কতটা সত্য, দেখতে চায় বিএনপি : আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে ‘গল্প’ কতটা সত্য, দেখতে চায় বিএনপি : আজাদ

নজরুল ইসলাম আজাদ

ডিসেম্বরকে ঘিরে নতুন করে কোনো ধরনের নৈরাজ্য কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং যেকোনো অপশক্তির মোকাবিলায় শতভাগ প্রস্তুত।

ডিসেম্বর ঘিরে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে আজাদ বলেন, ‘আমরা এখন ডিসেম্বরের কথা শুনছি। আমরা দেখতে চাই, এই গল্প কতটা সত্য। এর জন্য আমরা শতভাগ ঐক্যবদ্ধ এবং শতভাগ প্রস্তুত।’

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারীদের দোসররা কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে বিএনপি সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘স্বৈরাচারীদের উদ্দেশে বলতে চাই, মুখে কথা বলে লাভ নেই, কাজে দেখতে চাই। ভালো থাকতে চাইলে চুপচাপ থাকেন। আগাবেন, ঝামেলা হবে; ঝামেলা করতে গেলে ১০০ গুণ বেশি ঝামেলায় পড়বেন।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারীদের দোসরদের আমি অবগত করতে চাই, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। তাদের যেকোনো অপশক্তি মোকাবিলায় আমরা যথেষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।’

সম্প্রতি পোশাকশিল্পে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরেন সংসদ সদস্য আজাদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের নেতৃবৃন্দ, সরকার ও প্রশাসন সম্মিলিতভাবে গার্মেন্টসের সমস্যাগুলোর সমাধান করেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। বর্তমানে নারায়ণগঞ্জে কোনো সমস্যা নেই বলে তারা আশা করছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘উল্টাপাল্টা ইটের জবাব পাথর দিয়ে হবে ইনশাআল্লাহ। দুষ্টুমি করে কোনো লাভ নেই। দুষ্টুমি করলে ফলাফল কিন্তু খুব ভয়াবহ হবে।’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে আজাদ বলেন, তারেক রহমান অত্যন্ত মানবিকভাবে চিন্তা করেন। তাঁর নির্দেশনায় বাসাবাড়িতে কোনো ধরনের হয়রানি কিংবা মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়নি। তবে দেশের জনগণের অধিকার নষ্ট, জানমালের ক্ষতি কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।