রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দলে ফিরছেন বিদ্রোহী প্রার্থী, বহিষ্কৃতরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে দলে ফিরছেন বিদ্রোহী প্রার্থী, বহিষ্কৃতরা

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের জন্য আবারও খুলছে দলে ফেরার দরজা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক বিভক্তি কমাতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের রাজনীতিতেও আলোচনায় এসেছেন বহিষ্কৃত কয়েকজন প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর এবং বিএনপি নেতা মো. শাহ আলম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের অনেকে নিজেদের ভুল স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং অপরাধের মাত্রা বিবেচনায় যাদের ফিরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সারা দেশে পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় ৭০ জন নেতার বিষয়েও সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে অন্যদের আবেদন পর্যালোচনা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে তৈরি হওয়া বিরোধ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে দলকে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হতে পারে। তাই প্রতিদ্বন্দ্বী বলয়ে থাকা নেতাদের আবার এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে বলে দলীয় সূত্রের দাবি।

নারায়ণগঞ্জে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব কর্মী-সমর্থক ও দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি রয়েছে। বিশেষ করে গিয়াসউদ্দিনের মতো সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতির প্রত্যাবর্তন হলে জেলার দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। একইভাবে রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর ও মো. শাহ আলম দলে ফিরলে স্থানীয় নেতৃত্বের ভারসাম্য এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহারের নজিরও তৈরি হয়েছে। গত ৩১ অক্টোবর সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। এর আগে গত জানুয়ারিতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বিএনপির ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। এখন কেন্দ্রীয়ভাবে বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হওয়ায় তাদের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।