ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আটি হাউজিং এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার অন্যরা হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন এবং মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসেবীদের আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

