সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ভয়াবহ আগুনে পদ্মা রেল লিংকের পিলার ক্ষতিগ্রস্ত, গতি কমিয়ে ট্রেন চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ভয়াবহ আগুনে পদ্মা রেল লিংকের পিলার ক্ষতিগ্রস্ত, গতি কমিয়ে ট্রেন চলাচল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে পিলারটির বাইরের আস্তর খসে পড়ে ভেতরের রড দৃশ্যমান হয়ে উঠেছে। সম্ভাব্য দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে ওই অংশে ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটারে নামিয়ে এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর পিলারের পাশে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে পিলার ঘেঁষে থাকা একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা ভবন এবং একটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পিলারের ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং প্রকল্পের নির্মাণকাজে যুক্ত চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নেয়। পাশাপাশি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসানের ভাষ্য অনুযায়ী, ৩৪ নম্বর পিলারের নিচে একটি একতলা মার্কেটে জুতা তৈরির দোকান ছিল। সেখানে তৈরি প্লাস্টিকের স্যান্ডেল এবং উৎপাদন শেষে পড়ে থাকা বর্জ্য বস্তায় ভরে পিলারের গোড়ায় জমিয়ে রাখা হয়েছিল। রাতের কোনো এক সময় শত্রুতাবশত কিংবা ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে ওই প্লাস্টিকের বর্জ্যে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সেই আগুন পাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে পিলারের গায়ে আছড়ে পড়ে।

পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ আগুনে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু এখানে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক থাকায় তাপমাত্রা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই অস্বাভাবিক তাপে কংক্রিটের পিলারের বাইরের অংশ খসে পড়ে রড বেরিয়ে এসেছে।

ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা ঘটনাটিকে নাশকতার অংশ বলেই সন্দেহ করছি। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। রাস্তায় আমাদের দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে, আশা করি দ্রুতই সত্য উন্মোচিত হবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পিলারটি দ্রুত নিরাপদ ও সচল করতে সংস্কারকাজ চালাচ্ছেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা।