ফাইল ছবি
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুল ওরফে ‘দাদা এমদাদ’ (৫৫) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করে।
এমদাদুল হক দাদুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের পর দাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

