মানববন্ধন কর্মসূচি
নারীর উপর সহিংসতা প্রতিরোধ, নারীদের সুরক্ষা ও নারী নির্যাতনের ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করে ‘অধিকার’।
বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে এই দিবস উপলক্ষ্যে মানববন্ধন আয়োজন করে ‘অধিকার’। এসময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ, যৌন নির্যাতন, হয়রানি বন্ধে বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা ও পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ কার্যকরের দাবী জানানো হয়।
এছাড়া ধর্ষণকদের তথ্যভান্ডার প্রকাশের দাবী জানানো হয়। পাশাপাশি নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, নারী নির্যাতনের অর্ধেকের মামলা বেশী দায়ের করা হয় আদালতে। প্রভাবশালীদের কারনে অনেক মামলাই থানায় দায়ের হয় না। পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। নারী নিপীড়নের শিকার হবার পর তাঁর সামনে এমন পরিস্থিতি তৈরী করা হয় যেন সে আত্মহত্যা করে মুক্তির পথ খুজতে শুরু করেন। বহু নারী নির্যাতনের শিকার হবার পর আইনের আশ্রয় নেন না হয়রানির ভয়ে।
তিনি আরও বলেন, ‘নারী নির্যাতন বন্ধে করনীয় হচ্ছে রাজনৈতিক স্বদিচ্ছা। এই স্বদিচ্ছা ছাড়া এই সমস্যার সুরাহা হবে না। বিগত দিনে যত সহিংসতা হয়েছে সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। ফলে অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান থাকলে নারী নির্যাতন বন্ধ হবে না।’
মানববন্ধনে অধিকার নারায়ণগঞ্জ জেলার ফোকাল পার্সন সাবিত আল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক লুবনা রহমান, মহানগর যুবশক্তির আহবায়ক রাইসুল ইসলাম রিফাত, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক নূর জামাল হাসান প্রমুখ, বাসস নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি নুসরাত সুপ্তি প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনের যথাযথ প্রয়োগের দাবী জানান।

