বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশ কনস্টেবল হত্যা: ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশ কনস্টেবল হত্যা: ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় আলোচিত মাদক কারবারি রিয়াজ ওরফে ডেভিড ও আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি-১১। গ্রেপ্তারের সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে গুলি লাগে। এ সময় ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভুঁইয়া সিটির বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ (৩২) ও মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮); ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকার শাহজাহান হোসেন সাজুর ছেলে আব্দুস সামাদ (২৩); ময়মনসিংহের কোতোয়ালি থানার ছন্দের বাজার এলাকার সাহেব আলীর ছেলে মাহমুদুল হাসান (২২), বর্তমানে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় বসবাস করেন; ফতুল্লার নাগবাড়ি এলাকার মৃত শাহিনের ছেলে জাবেদ কায়সার আজাদ (৪০) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে আদর (২২)।

গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক কারবারি তাদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এএসআই সাত্তার দৌড়ে পালাতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বুধবার রাত ২টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এসময় আত্মরক্ষার্থে এবং তাকে গ্রেপ্তারের জন্য ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে এসআরবি-১১-এর পৃথক অভিযানে জাবেদ কায়সার আজাদ ও আদর নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে আব্দুল্লাহ ও ডেভিড এলাকায় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।