বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪১, ২৬ নভেম্বর ২০২৬

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর বেলা ১১টায় বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের (প্রাথমিক শাখা) মিলনায়তনে শাখার প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার সামিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গভনিংবডি অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল। বিশেষ অতিথি ছিলেন, অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক শাখা) সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার, শোহিবা আক্তার ও কলেজ শাখার প্রভাষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শাখার সহকারি শিক্ষক রিপা আক্তার, তানিয়া ইসলাম মুনা, রিফাত সুলতানা, সাদিয়া আফরিন, তাহরিম আরবী, উমা রাণী বর্মন, আলভী কবির, অনন্যা মল্লিক বৃষ্টি প্রমুখ।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি পাভেল বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়। বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পথচলার শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে। এই পর্যায় শেষ করে তারা জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তাদের এই বিদায় মানে শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন যাত্রার সূচনা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।

পাভেল বলেন, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখা থেকে অর্জিত শিক্ষাকে পুঁজি করে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবদানও অনেক বেশি। তাই সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।