বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় রাতভর যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি-১১। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী ডেভিডকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে তার পায়ে গুলি লাগে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদ। বাকি চারজনের মধ্যে আদর ও আজাদ নামে দুজনকে এসআরবির পৃথক একটি দল গ্রেপ্তার করেছে। অভিযানের সময় ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশি অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হলে গ্রেপ্তার ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে। তিনি জওতিনিন মোল্লার ছেলে।