ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার লায়ন সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১ নারায়ণগঞ্জ সদর কোম্পানি ও এসআরবি-১০ কেরানীগঞ্জ সদর কোম্পানির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামি আসাদুল ইসলাম (২১) পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকার আশরাফ হাওলাদারের ছেলে।
এসআরবি জানায়, আসাদুল ইসলাম ফতুল্লা থানার মামলা নম্বর ১১(০৯)২৪-এর ওয়ারেন্টভুক্ত আসামি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৯(১) ধারায় দায়ের করা অপহরণসহ ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে।

