বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের বন্দরে ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। অনুষ্ঠানে প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা লাকিকে সেখানে বসান তিনি। এ সময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছাও জানান।
বুধবার (২৫ নভেম্বর) ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা।
এসময় প্রধান শিক্ষিকার জন্য অনুষ্ঠানের মঞ্চে চেয়ার না দেখে তিনি বিস্মিত হন। পরে নিজের চেয়ারে প্রধান শিক্ষিকাকে ডেকে এনে বসান আশা।
এ সময় আবুল কাউসার আশা বলেন, মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং বাড়ে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। যে প্রতিষ্ঠানে যার শ্রম সবচেয়ে বেশি, তাঁকে যথাযথ সম্মান দিতে হবে। এই বিদ্যালয়ের জন্য যাঁর অবদান ও পরিশ্রম সবচেয়ে বেশি, তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করা প্রয়োজন।

