বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হিরাঝিলে বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা মাহাবুবকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৩, ২৫ নভেম্বর ২০২৬

হিরাঝিলে বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা মাহাবুবকে শোকজ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বসতবাড়িতে হামলা ও খননযন্ত্র দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপি নেতা মাহাবুব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত একটি সংঘবদ্ধ গোষ্ঠী একাধিক বসতঘরে হামলা চালায়। এ সময় খননযন্ত্র ব্যবহার করে কয়েকটি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা মামলায় মাহাবুব হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ওই ঘটনা ছাড়াও বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার বিষয়ে সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার রয়েছে। এসব কর্মকাণ্ড বিএনপির নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।