বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমাজে চাঁদাবাজি মাদকসক্তি যেন না থাকে : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

সমাজে চাঁদাবাজি মাদকসক্তি যেন না থাকে : সাখাওয়াত

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে যেসব উন্নয়ন প্রকল্প এখনো বাকি রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা ১২নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, সমাজের মধ্যেও ন্যায়বিচার ও সুশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এলাকায় কোথাও যেন ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চাঁদাবাজি ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি ও মাদকসক্তি থাকবে না। কোনো দোকানদার, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ যেন চাঁদাবাজির শিকার না হন। সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ প্রতিরোধ করতে হবে। স্থানীয়ভাবে কেউ চাঁদাবাজি বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে প্রথমে সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করবেন। প্রয়োজনে স্থানীয় কাউন্সিলর ও আমাদের জানাবেন। আমরা প্রশাসনের মাধ্যমে এসব অপরাধ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। জনগণের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। ১২নং ওয়ার্ডের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ডনচেম্বার মসজিদ থেকে ব্যাংক কলোনি হয়ে খানপুর বৌবাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।