ফাইল ছবি
নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর পর এবার সেই সেবার পরিধি বিস্তৃত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের তৃতীয় রোগী পরিবহন হিসেবে বক্তাবলী ফেরিঘাট থেকে এক রোগীকে বিনামূল্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়েছে টিম খোরশেদের ফ্রি অ্যাম্বুলেন্স।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিম খোরশেদের কর্ণধার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। পোস্টে তিনি জানান, দিনের তৃতীয় সেবা হিসেবে বক্তাবলী ফেরিঘাট থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে তাদের অ্যাম্বুলেন্স। পাশাপাশি সাধারণ মানুষকে ফোন করে এ বিনামূল্যের সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।
জানা গেছে, নারায়ণগঞ্জবাসীর জরুরি চিকিৎসাসেবা সহজ করতে ২০২৬ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করে টিম খোরশেদ। ব্যাটারিচালিত অটোরিকশার নকশা পরিবর্তন করে তৈরি করা হয়েছে বিশেষ এই অ্যাম্বুলেন্স। এতে রোগী পরিবহনের জন্য শয্যা ও ফ্যানসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে শহরের সরু রাস্তা ও যানজটপূর্ণ এলাকায় দ্রুত রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়।
উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরে বেসরকারি অ্যাম্বুলেন্স থাকলেও আর্থিক অসচ্ছলতা ও যোগাযোগ সমস্যার কারণে অনেক মানুষ জরুরি সময়ে এ সেবা নিতে পারেন না। সেই বাস্তবতা থেকেই বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ শহরকেন্দ্রিক কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা ছিল।
করোনাভাইরাস মহামারির সময়ও মানবিক কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসে টিম খোরশেদ। ওই সময়ে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সহায়তা, অ্যাম্বুলেন্স সহযোগিতা, প্লাজমা সংগ্রহ ও সরবরাহ, খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে দাফন-সৎকারের মতো কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এবার বক্তাবলী থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তাদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবায় নতুন পরিধি যুক্ত হলো। এতে নারায়ণগঞ্জের প্রত্যন্ত এলাকার অসুস্থ ও অসচ্ছল রোগীদের ঢাকায় উন্নত চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

