শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেভিড-আব্দুল্লাহসহ ২১ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ২৭ নভেম্বর ২০২৬

ডেভিড-আব্দুল্লাহসহ ২১ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনে মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও চার সদস্যকে আহত করার ঘটনায় নতুন মামলা হয়েছে। গুলিবিদ্ধ ডেভিড ও তার ভাই আব্দুল্লাহসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলাটি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দায়ের করা মামলায় পুলিশের সরকারি কাজে বাধা, হামলা, আসামির পালানোর চেষ্টা এবং বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ২২৪ ও ২২৫ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩(ক) ও ৬ ধারায় অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর ফতুল্লার হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশ ও এসআরবি-১১।

এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, এ সময় আত্মরক্ষা ও ডেভিডকে আটক করতে ফতুল্লা থানার কনস্টেবল পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেল বিস্ফোরণের স্প্লিন্টারে আহত হন পুলিশের চার সদস্য। তারা হলেন ফতুল্লা মডেল থানার এসআই রফিক, এএসআই কামরুল, কনস্টেবল রাকিব হাসান ও কনস্টেবল পারভেজ।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন ফতুল্লার মধ্যনগর বক্তাবলী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮) ও আব্দুল্লাহ (৩২), ফতুল্লার নাগবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আদর (২২), একই এলাকার মৃত শাহিনের ছেলে জাবেদ কায়সার ওরফে আজাদ (৪০), দেওভোগ মাদ্রাসা এলাকার শাজাহান হোসেন সাজুর ছেলে আব্দুস সামাদ (২৩) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার ছন্দের বাজার এলাকার সাহেব আলীর ছেলে মাহমুদুল হাসান (২২)। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় ককটেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের আহত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনসহ মোট ২১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।