বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, তিন কারখানায় ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, তিন কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের অসন্তোষ

পোশাকশ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চলে অসন্তোষ থামছে না। গ্রেড পরিবর্তন, দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি এবং ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বুধবারও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। কোথাও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। পরিস্থিতির কারণে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) ফতুল্লার বিসিক শিল্পনগরী, পঞ্চবটী ও মাসদাইর এলাকায় এসব ঘটনা ঘটে। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন, দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের পদমর্যাদা পরিবর্তন এবং ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধ।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ ও আন্দোলন করেন। তাঁদের দাবি মূলত গ্রেড উন্নয়ন ও ছুটির টাকা পরিশোধ নিয়ে। তবে আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা। সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

শ্রমিক অসন্তোষের মধ্যে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইনার গার্মেন্টসের শ্রমিকরা বিসিক এলাকায় যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হলেও তা মোকাবিলা করা হয়েছে। বর্তমানে শ্রমিকরা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন এবং বিসিক শিল্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক সংগঠনগুলোর অসন্তোষ এখনো রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্ধারিত মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন। এ কারণে বর্তমান মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার পক্ষে তাঁরা নন বলেও জানান।